ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তেঘরিয়া ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ডের কদমপুর ও করেরগাঁও এবং আব্দুল্লাহপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ছিলো না। জনগণ দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল