বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।
রবিবার বেলা ১১টার দিকে বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া ও বরিয়া এলাকা প্রদক্ষিণ করে আবার দ্বিতীয় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫ নম্বর জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারী সেক্রেটারি নার্গিস আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
বক্তারা বলেন, এবারের নির্বাচনে ভোটাররা কোনো ধরনের মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। তারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাদের দাবি, অতীতে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর একটি দল চাঁদাবাজি ও সহিংসতায় জড়ালেও জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত ছিল। সে কারণেই বগুড়াসহ সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ছে।
বিডি-প্রতিদিন/সুজন