ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে পরিবর্তন চায়। জনগণ এখন আর কোনো প্রহসনের নির্বাচন নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমান বাস্তবতায় জনগণের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ ও উদ্দীপনা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তারা ব্যালটের মাধ্যমেই দেশের রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, জনগণের এই প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
গণসংযোগকালে আমানউল্লাহ আমান বলেন, আগামীতে নির্বাচিত হতে পারলে ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল