ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা সদর ইউনিয়নের কোদালধর বাজারে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার।
এ সময় মোতাহার হোসেন বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তাই এই আমানত সঠিক জায়গায় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত