প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সংশ্লিষ্টতা ছিল না জানিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তাদের দুজনকে জড়িয়ে যত ‘মিথ্যা রটনা’ চলছে ‘আজই তার অবসান হওয়া দরকার’। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি হঠাৎ এ প্রসঙ্গে কথা বলেন এবং যারা এপস্টেইনের লালসার শিকার হয়েছে, তাদের জন্য কংগ্রেসে শুনানি ডাকার আহ্বান জানান।
এপস্টেইনই তাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে- অনলাইনে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে মেলানিয়া বলেছেন, ‘এগুলো আমার চরিত্রহানির হীনম্মন্য চেষ্টা।’ কী কারণে তিনি এই সময়ে এসে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিক ডেকে মুখ খুললেন তা নিশ্চিত হওয়া যায়নি, বলছে বিবিসি। মার্কিন এ ফার্স্ট লেডি কেবল বিবৃতি পড়ে শুনিয়েছেন, তিনি সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি যে এপস্টেইন নিয়ে কথা বলবেন সে বিষয়ে আগে থেকে তার কার্যালয় কোনো ইঙ্গিত দেয়নি। -রয়টার্স