লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের মধ্যে ১৬ লেবানিজ নাগরিক এবং পাঁচটি লেবাননভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। গতকাল কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে দেশটির সব নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকলে তা দ্রুত চিহ্নিত করা হয়। নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্তদের সব সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে হবে। তাদের সঙ্গে জড়িত যেকোনো ধরনের লেনদেন বা বাণিজ্যিক কার্যক্রম আইন অনুযায়ী বন্ধ করতে হবে।
আরব আমিরাত সরকার জানিয়েছে, এ পদক্ষেপ সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে তাদের দীর্ঘদিনের অঙ্গীকারেরই একটি অংশ। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন বন্ধ করতে তারা কঠোর অবস্থানে থাকবে।