মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। এ ছাড়া পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লে. কর্নেল মো. শামস আখতার তার বক্তব্যে ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক ও এর সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ই-পাসপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নিরাপদ ভ্রমণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দিতে পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত হয়েছে। এতে ইমিগ্রেশন ও পাসপোর্টসংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ হবে। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল