গোপালগঞ্জে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শাহীন স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ আয়োজকদের মুগ্ধ করে। নির্ধারিত সময় শেষে খাতা মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল গোপালগঞ্জ শাখার পরিচালক মো. আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও শাহীন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মো. আল ইমরান সুমন। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখছে, যা প্রশংসনীয়।
অতিথির বক্তব্যে পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, “প্রতিযোগিতায় পুরস্কার পাওয়াটা বড় বিষয় নয়, অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ গতানুগতিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক।”
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস বলেন, “আমরা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কনসহ বিভিন্ন মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা আয়োজন করে থাকি। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- প্রথম স্থান : রাই কর্মকার প্রাপ্তি (৯ম শ্রেণি),দ্বিতীয় স্থান : এস এম জয় (৮ম শ্রেণি), তৃতীয় স্থান : মোহাম্মদ সাইমুর ইসলাম (৮ম শ্রেণি)।
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক তূর্য রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আয়ন সাহা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হুমায়ুন আহমেদ পলকসহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/টিএ