লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখা। বুধবার সংগঠনটির উদ্যোগে পাটগ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়, যাদের অনেকেই অর্থনৈতিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনায় প্রতিবন্ধকতার মুখে পড়ে।
আয়োজনস্থলে এক আন্তরিক ও উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। এসব সামগ্রী পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মতে, এই সামান্য সহায়তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মাসুদ রানা ও সাহানাজ পারভীন, সভাপতি মোঃ সুমন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামীম ইকবাল তুষার, সদস্য মোছাঃ তানিয়া নেহা ও অনান্যরা।
তারা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ প্রদান করেন।
বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারে না। এ ধরনের উদ্যোগ তাদের সেই সীমাবদ্ধতা কিছুটা হলেও দূর করতে সহায়তা করে এবং নতুন স্বপ্ন দেখার সাহস জোগায়।
বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. সুমন ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে। তাই প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে জেলার বিভিন্ন স্থানে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলোও এগিয়ে এসে এমন উদ্যোগে অংশ নিলে দেশের শিক্ষা ব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/টিএ