হাম রোগের সংক্রমণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সদর উপজেলা শাখা। বুধবার বেলা ১১টায় দিনাজপুর শহরের লিলিমোড় এলাকা থেকে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাহাদুর বাজার মোড়, দিনাজপুর রেলস্টেশন প্রাঙ্গণসহ জনসমাগমপূর্ণ এলাকার পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। লিফলেটে হাম রোগের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মাঝে সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তারা বলেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সহ-সভাপতি মো. মোমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন আহাম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য জাকারিয়া ইসলাম জীবন ও আমিনসহ অন্য সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বৃদ্ধি করে রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও তারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা আরও জানান, দেশব্যাপী শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
বিডি-প্রতিদিন/এমই