'নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ জীবন গড়ে তুলি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে ফরমালিন ও ভেজাল খাদ্যবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার উদ্যোগে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে ভেজাল খাদ্যের ভয়াবহতা ও সুষম খাদ্যের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ফরমালিনমুক্ত খাদ্য নিশ্চিত করতে ঘরোয়া পর্যায়ে গ্রহণযোগ্য কিছু সহজ ও কার্যকর উপায় সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, বাজার থেকে আনা ফল ও শাক-সবজি অন্তত আধা ঘণ্টা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রেখে পরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ব্যবহার করলে ফরমালিনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
একইভাবে মাছ বা মাংসে ফরমালিনের উপস্থিতি থাকলে তা ভিনেগার বা লবণ মেশানো পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজালবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. দেলোয়ার হোসাইন বলেন, ‘নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে ভেজালবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখব’।
প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, বর্তমানে ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের যদি আমরা এখন থেকেই নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে পারি, তাহলে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
সংগঠনের শিবচর শাখার সাধারণ সম্পাদক এস. এম. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ সংগঠনের শিবচর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরফিন মোহাম্মদ সজিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কামাল