শুভ কাজে সবার পাশে এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামে স্বামীহারা এক নারীর পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে সংগঠনটির রৌমারী উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে আয়োজিত এই মানবিক উদ্যোগে স্বামীহারা তিন সন্তানের জননী মোছা. মালাভানুর হাতে চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আলু, মুড়ি, আটা, সেমাই, চিনি, দুধ, নুডুলস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন শুভসংঘের নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনটি ছোট সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন মোছা. মালাভানু। অন্যের জমিতে কাজ করে কোনোমতে সংসার চালালেও নিয়মিত খাবারের নিশ্চয়তা ছিল না তাদের। এমন দুর্দশার খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভসংঘ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত মালাভানু বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। অনেক সময় ঠিকমতো খাবার জোটে না। আজ যে সহায়তা পেলাম, এতে কিছুদিন অন্তত ভালোভাবে চলতে পারবো। যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।
বসুন্ধরা শুভসংঘ, রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক শওকত আলী মন্ডল, শুভসংঘের সদস্য রাহিম রেজওয়ান, মেহেদী হাসান, কাবিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/টিএ