রংপুরে হামের টিকা গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) নগরীর কুঠিরপাড় এলাকায় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা হামের ঝুঁকি, লক্ষণ এবং প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের পরিবার ও আশপাশের মানুষদেরও সচেতন করার আহ্বান জানান।
শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, শিক্ষক মো. জায়েজ উদ্দীন, মো. মিলন মিয়া, মো.সাজু মিয়া, নাজমুল খান, মাসুদ মিয়া, রংপুর জেলা শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ দাস, কার্যকরী সদস্য রবি দাস, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফাইয়াজ আহম্মেদ ফাহিম এবং নারী বিষয়ক সম্পাদক সিনহা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। যা শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এতে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্বসহ নানা জটিলতা হতে পারে। হাম-এর লক্ষণ হলো জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দেওয়া। টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সময়মতো টিকা দিলে শিশুদের সুরক্ষা দেওয়া যায়। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরকে