হাম একটি সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ সময়মতো প্রতিরোধ ও সচেতনতা না থাকলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। এই বিষয়টি সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ রাজধানীর কাফরুল থানা শাখার উদ্যোগে বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাম একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে সচেতনতার অভাবে এটি যেকোনো বয়সের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
বক্তারা আরও জানান, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ। অভিভাবকদের উদ্দেশ্যে তারা জানান, শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সচেতনতামূলক এই সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরে। স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, তরুণদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে হাম প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/এমএল