আগামী ২২ মে থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। চার দিনব্যাপী এ মেলা হবে নিউইয়র্ক কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে। বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম জানান, এবারের মেলায় ১০ হাজারেরও বেশি নতুন বই প্রদর্শিত হবে। দেশ-বিদেশের অসংখ্য লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সাহিত্যপ্রেমী এতে অংশ নেবেন। এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫টি খ্যাতনামা প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।
বইমেলার উদ্বোধন করবেন বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। অতিথি হিসেবে আরও থাকবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। এ ছাড়াও মার্কিন কবি বব হোলম্যান, পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকার, মননশীল লেখক ফারুক মঈনউদ্দীন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞান লেখক ও জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন অতিথি থাকবেন।