সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হলেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিকটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
আমাদের সময়ের প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় নতুন সম্পাদক মো. শাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে ইউনিক গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, পিএইচপি ফ্যামিলির ডিজিএম সৈয়দ এনামুল হকসহ দৈনিক আমাদের সময়ের বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে শাখাওয়াত হোসেন সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দৈনিক আমাদের সময়কে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করণীয় সবই করা হবে। পত্রিকাটির গৌরব ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ উন্নয়নের তাগাদা দেওয়ার পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।
মো. শাখাওয়াত হোসেন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত হন। পরে সাংবাদিকতা ছেড়ে করপোরেট জগতে যোগদান করেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখা অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে তিনি ইংরেজি জাতীয় দৈনিক দ্য বিজনেস পোস্টে ব্যবস্থাপনা সম্পাদক পদে যোগদান করেন। চলতি বছর তিনি এ পদ থেকে অব্যাহতি নেন।
বিডি-প্রতিদিন/মাইনুল