দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারি’র একটি নতুন শোরুম চালু হয়েছে কক্সবাজার সদরে। সম্প্রতি শোরুমটির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
নতুন এই শোরুমে রয়েছে বিভিন্ন ধরনের বাইসাইকেল ও বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আধুনিক ও মানসম্মত সরঞ্জাম। এসব পণ্য সব বয়সী ক্রীড়াপ্রেমী ও ফিটনেস সচেতন গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, দুরন্ত স্পোর্টস গ্যালারি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক ক্রীড়া সামগ্রী সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা। পর্যটন নগরী কক্সবাজারে নতুন শোরুম চালুর মাধ্যমে এখানকার মানুষ আরও সহজে আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও বলেন, মানসম্মত স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য হলে তরুণ সমাজ খেলাধুলা ও শরীরচর্চায় আরও বেশি সম্পৃক্ত হবে, যা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুরন্ত স্পোর্টস গ্যালারি ধারাবাহিকভাবে পণ্যের পরিসর বাড়িয়ে চলেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে দুরন্ত স্পোর্টস গ্যালারি’র বিজনেস ইউনিট হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে রাজধানীসহ সারাদেশে প্রতিষ্ঠানটির ১৫০টি শোরুম চালু রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল