আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি (এয়ার কন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। তিনটি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫’।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এ নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টেলিভিশন টানা তিন বার এবং এসি পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল।
শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল-এ আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫’-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের এআই ও আইওটি-ভিত্তিক উদ্ভাবনী প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হাবে পরিণত করা এবং ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে রূপান্তর করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ফ্রিজ, এসি ও টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে নিয়মিত আধুনিক স্মার্ট প্রযুক্তি সংযোজন করা হচ্ছে।
তিনি আরও জানান, স্মার্ট পণ্য রপ্তানির মাধ্যমে ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে। একশটিরও বেশি দেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশসেরা ব্র্যান্ডের ধারাবাহিক এই সাফল্য ওয়ালটনের বৈশ্বিক অগ্রযাত্রায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড নির্ধারণে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সব বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, পছন্দ, গ্রহণযোগ্যতা, মূল্যমান, বাজার দখলসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ৪৫টি ক্যাটাগরিতে ৪৫টি ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন।
চলতি বছর ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে ওয়ালটন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’, সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড, ইএসজি ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’, ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড–২০২৫’ এবং যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক প্রদত্ত লিড প্লাটিনাম সনদ।