গ্রাহক তথ্যের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে আবারও আন্তর্জাতিক আইএসও সনদ অর্জন করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।
সম্প্রতি প্রতিষ্ঠানটি আইএসও ২৭০০১:২০২২ সনদ লাভ করে, যা বিশ্বের অন্যতম স্বীকৃত ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) মানদণ্ড। এই সনদ গ্রাহকের তথ্য সুরক্ষা জোরদার করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোত্তম নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণের ক্ষেত্রে বাংলালিংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
সনদপ্রাপ্তির অংশ হিসেবে বাংলালিংকের নীতিমালা, পরিচালন কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এতে সিকিউরিটি গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল ব্যবস্থা, অ্যাসেট ও ভেন্ডর ম্যানেজমেন্ট, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোল পর্যালোচনা করা হয়েছে।
অপারেটরটির অপারেশনস, রিস্ক ও গভর্নেন্স টিমের সমন্বিত প্রচেষ্টায় তথ্য নিরাপত্তা কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে, যা সম্ভাব্য ঝুঁকি শনাক্ত, নিয়ন্ত্রণ শক্তিশালী এবং পরিবর্তনশীল নিয়ন্ত্রক ও শিল্প মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষার প্রতি বাংলালিংকের প্রতিশ্রুতি আরও জোরদার করে। ডিজিটাল সেবার ওপর গ্রাহকদের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও ধারাবাহিকভাবে উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, গ্রাহকেরা যেন নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে বাংলালিংকের ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই ভবিষ্যতেও সাইবার নিরাপত্তা ও কমপ্লায়েন্স কাঠামো আরও শক্তিশালী করা হবে।
বাংলালিংক জানায়, একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, কর্মীদের সচেতনতা কর্মসূচি এবং ধারাবাহিক দক্ষতা উন্নয়নে বিনিয়োগ অব্যাহত থাকবে। টেলিযোগাযোগ খাতে পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/আশফাক