ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২১ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাহাবুব আলম মৃদুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটনের পরিচালক ছিলেন তিনি।
মাহাবুব আলম মৃদুলের স্মরণে কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি নানান আয়োজন করেছে পরিবারবর্গ এবং শুভাকাঙ্খীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি টাঙ্গাইলে, গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে, রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস, মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সসহ দেশব্যাপী ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুমে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের।
উল্লেখ্য, মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপের পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।
বিডি-প্রতিদিন/জামশেদ