নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পাওয়া নিয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আমিনবাজারের ইজারা নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও ইজারাদার খলিলুর রহমান মানিক, বিএনপি নেতা আবুল কাশেম এবং ইসলামী আন্দোলনের নেতা জাবের ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ