মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ তিন মাস হয়েছে, সামনে আরও অনেক সফলতা আসবে। ধৈর্য ধরলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কালকিনি পৌরসভার দুইটি ওয়ার্ডে ভিজিএফের আওতায় গরিব ও অসহায় মানুষদের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা যেন কোরবানির ঈদে দরিদ্র মানুষরা ভালোভাবে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদার, সামিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ