শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতের ছেঁড়া সেচলাইনে আটকে পড়া গরু ও ছেলেকে বাঁচাতে গিয়ে হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় একটি গরুও মারা গেছে। তবে প্রাণে বেঁচে গেছেন তার ছেলে কৃষক মো. হাছান আলী (৫০)। সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ঝড়ের কারণে বোরো আবাদে ব্যবহৃত একটি সেচলাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল ৭টার দিকে মাঠে চড়তে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে যায়। গরুটিকে বাঁচাতে গেলে হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
এসময় ছেলেকে বিপদে দেখে তার মা হাওয়া বেগম ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তিনি ছেলেকে বিদ্যুতের সংস্পর্শ থেকে সরাতে সক্ষম হলেও নিজে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিও মারা যায়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ