গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল গাছ থেকে পড়ে মাসুদ সরকার রিফাত (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটলেও রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রিফাত পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রচণ্ড গরমে ডাব খাওয়ার জন্য নিজ বাড়ির একটি নারিকেল গাছে ওঠেন রিফাত। ডাব পাড়ার একপর্যায়ে হঠাৎ ডাবসহ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। সোমবার (১ জুন) সকাল ১০টায় পৌর শহরের জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার প্রামাণিক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ