বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নদীভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভাঙনকবলিত মানুষের পাশে থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙনরোধে চলমান জরুরি তীর সংরক্ষণ ও জিওব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, নদীভাঙন রোধে সরকার এবং আমরা আন্তরিকভাবে কাজ করছি। ভাঙনকবলিত মানুষের পাশে আছি। প্রয়োজনীয় সব এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থায়ীভাবে ব্লক নির্মাণের মাধ্যমে নদীতীর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। এতে বাঁশগাড়ী ইউনিয়নসহ ভাঙনপ্রবণ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনআরএইচ