বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই (রবিবার) বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেতা। অত্যন্ত গোপনীয়তা ও পারিবারিক আবহের মধ্য দিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, রবিবারের প্রথমার্ধেই আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করার কথা রয়েছে।
বলিউডের আর দশটা জমকালো বিয়ের মতো না করে এই আয়োজনটিকে বেশ ছিমছাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকা একেবারেই সীমিত রাখা হয়েছে, যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে মাত্র ১৫০ জন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে এই বিশেষ দিনে সামিল হতে দম্পতির বেশ কয়েকজন আত্মীয় ইতিমধ্যেই বিদেশ থেকে মুম্বাইয়ে এসে পৌঁছেছেন। এই বিয়ের সবচেয়ে সুন্দর দিক হতে যাচ্ছে আমির ও গৌরী— উভয়েরই আগের সংসারের সন্তানদের সক্রিয় অংশগ্রহণ। সূত্র জানিয়েছে, দুই পরিবারের চার সন্তানই এই বিয়ের মূল আনন্দ ও উদযাপনে অত্যন্ত অর্থপূর্ণ ভূমিকা পালন করবে।
আমির খানের হবু স্ত্রী গৌরী স্প্র্যাট মূলত বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার জীবনের বড় অংশ সেখানেই কেটেছে। তার মা রীতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি নামী সেলুনের মালিক ছিলেন। গৌরী ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফির ওপর উচ্চশিক্ষা নেন এবং বর্তমানে মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ (BBlunt) সেলুন পরিচালনা করছেন। তার সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে।
অন্যদিকে, এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে, যার ঘরে জুনায়েদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির, কিন্তু ২০২১ সালে তাদেরও ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তারা যৌথভাবে তাদের সারোগেসি সন্তান আজাদের দেখাশোনা করছেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার গৌরীর সঙ্গে নতুন করে সংসার পাততে যাচ্ছেন ৪১ বছর ধরে রুপালি পর্দা কাঁপানো এই অভিনেতা।
বিডি প্রতিদিন/কেএইচটি