২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এরপর একে একে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের উপস্থিতি বিস্তৃত করেছে নাইট রাইডার্স গ্রুপ। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের নামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম চালু করেছে তারা।
নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড নামের এই ভেন্যুতেই মেজর লিগ ক্রিকেটে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সেই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ফ্র্যাঞ্চাইজিটির নিজস্ব স্টেডিয়ামের।
অত্যাধুনিক এই ভেন্যুতে রয়েছে আটটি ম্যাচ উইকেট, আন্তর্জাতিক মানসম্পন্ন আউটফিল্ড এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়ামটি নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করতে হয়েছে, যা বলে দিচ্ছে কী মহাযজ্ঞই না করতে হয়েছে শাহরুখদের।
স্টেডিয়ামটির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ খান। তিনি বলেন, 'যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে থাকবে কমিউনিটি, আনন্দ, বিনোদন এবং একসঙ্গে থাকার অনুভূতি।'
বর্তমানে বিশ্বের চারটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পরিচালনা করছে নাইট রাইডার্স গ্রুপ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স নামে অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম