ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করে তোলে।
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতাই সবচেয়ে কার্যকর। শিক্ষার্থীরা যদি আজ থেকেই নিজেদের পরিবার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখে, তাহলে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সুস্থ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, “বসুন্ধরা শুভসংঘ শুধু সামাজিক কর্মকাণ্ডই নয়, জনস্বাস্থ্য বিষয়েও মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সতর্কতার কোনো বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে এই সচেতনতার বার্তা সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
কর্মসূচিতে কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীর পাশাপাশি বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. রায়হান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসিফ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. রাহুল আল আমিন, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক চাঁদ খামারু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. ইলিয়াস শেখ, তুষার ইমরান ও ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/টিএ