গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তা নদীর পানি হ্রাস পেয়েছে। তবে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি হ্রাস বা বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩০ সেমি. হ্রাস পেয়ে বিপৎসীমার ১১৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদের পানি ১৪ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ১৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ২৮ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ৬১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে করতোয়া নদীর পানি ২৩ সেমি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার ১৯৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চলমান বন্যার মৌসুমে এখন পর্যন্ত গাইবান্ধায় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
এদিকে চলতি মৌসুমে গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি ও কমার মধ্যে ভাঙন অব্যহত রয়েছে। ভাঙন এলাকাগুলোতে প্রতিনিয়তই নতুন করে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে চলমান পানি বৃদ্ধি শুরু থেকে জেলার চার উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন