চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর গড়তে সবার আগে নগরবাসীকে সচেতন হতে হবে। বৃহস্পতিবার নগরীর চেরাগী পাহাড় এলাকায় পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সিডিএ চেয়ারম্যান বলেন, বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষের এই শহর আমাদের সবার। নগরীর খাল ও ড্রেনগুলো নিয়মিত সংস্কার করার পরও একটি শ্রেণির মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ফেলছে। ফলে ড্রেন ও খালগুলো আবার ভরাট হয়ে যাচ্ছে। শহরকে বাসযোগ্য রাখতে হলে সবার আগে নাগরিকদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। বিশেষ করে পলিথিন ও বর্জ্য যেখানে-সেখানে না ফেলার প্রতিজ্ঞা আমাদের সবাইকে করতে হবে।
পিআরইউ সদস্যদের সাথে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাসান মুকুল, সদস্য সচিব ইমরান এমি, পিআরইউ সদস্য ও চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, সংবাদ সারাবেলা ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মাজেদুল ইসলাম, ঢাকা জার্নাল ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, প্রিয় চট্টগ্রামের রিপোর্টার জাহেদ কায়সার এবং চেরাগী নিউজের রিপোর্টার জহিরুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কেকে