২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। হারলেই বিদায়—এমন সমীকরণের এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট, আর পরাজিত দলকে শেষ হবে শিরোপার স্বপ্ন।
ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি লড়াই। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই দুই তারকার জন্য এটি বিশ্বকাপের শেষ ম্যাচও হতে পারে। ফলে ব্যক্তিগত ও দলীয়—দুই দিক থেকেই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।
গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপে একটি জয় ও দুটি ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান—সবদিক থেকেই কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে সাতবার জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
তবে নকআউট পর্বের ম্যাচে পরিসংখ্যান বা পূর্বাভাস সবসময় শেষ কথা বলে না। অভিজ্ঞতা, কৌশল, মানসিক দৃঢ়তা এবং চাপের মুহূর্তে নিজেদের সেরাটা যে দল তুলে ধরতে পারবে, তারাই জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
বিডি-প্রতিদিন/এমএল