নড়াইল সদর উপজেলায় গাছে বেঁধে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন মোল্যা (৩৩) মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। আনোয়ার উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের কাওসার মোল্যার ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, আনোয়ার ছিলেন মানসিক প্রতিবন্ধী। গত ২৪ জুন তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পর দিন পরিবারের সদস্যরা খবর পেয়ে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে তাকে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন দেখতে পান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোবরা মালোপাড়ার কয়েকজন আনোয়ারকে ভ্যান চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। তাকে গাছে বেঁধে রাতভর মারধর করে।
সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আনোয়ার নামে এক যুবককে মারধরের ঘটনায় থানায় ইতোমধ্যে মামলা হয়েছে। সেটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের ধরতে অভিযান চলছে।