প্রবেশপত্র না পাওয়ায় গতকাল শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী। কলেজের একজন খন্ডকালীন কম্পিউটার অপারেটরের মাধ্যমে ফরম পূরণ করলেও তারা প্রবেশপত্র পায়নি। তাদের সঙ্গে প্রতারণা হয়েছে অভিযোগ শিক্ষার্থীদের। গত বুধবার থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় গতকাল কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।
জানা যায়, মহাস্থান মাহী সওয়ার কলেজ থেকে তিন বিভাগে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেনি মানবিক বিভাগের ১০ জন। বাড়তি টাকার বিনিময়ে তাদের ফরম পূরণের আশ্বাস দেন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। প্রায় দুই মাস আগে ওই শিক্ষার্থীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা করে নেন তিনি। ২৪ জুন প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে দেওয়া হয়নি। শাওন শিক্ষার্থীদের জানান, দেরিতে ফরম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আসতে কিছুটা সময় লাগবে। ২৮ জুন বিদায় অনুষ্ঠান চলে গেলেও তারা প্রবেশপত্র পায়নি। ৩০ জুন ও ১ জুলাই দেওয়ার কথা বলে কালক্ষেপণ করেন শাওন। বুধবার রাত ৯টার পর থেকে মুঠোফোন বন্ধ করে লাপাত্তা তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী সম্রাট জানায়, শাওন আমাদের বলেছিলেন তিনি কলেজের স্টাফ, স্যারদের বলে সব ব্যবস্থা করে দেবেন। এ বিশ্বাসে তাকে টাকা দিই। তিনি শুধু আজকাল বলে ঘুরাচ্ছিলেন। বুধবার দুপুরে কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে জানালে তিনি বলেন, এখন আর কিছু করার নেই। আমাদের একটা বছর নষ্ট হয়ে গেল। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বিষয়টি বুধবার বিকালে জানতে পেরেছি। দুজন শিক্ষার্থী আমাকে জানালে তাদের বলি কলেজের সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। ফরম পূরণের জন্য আলাদা কমিটি আছে, হাতে টাকা নেওয়া হয় না।
শাওন এখানে খন্ডকালীন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। ঘটনার পর তাকে ফোন দেওয়া হলেও সে রিসিভ করেনি। এখন ফোন বন্ধ।