কুড়িগ্রাম সদর উপজেলায় মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাহমুদা টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। তাদের দুটি শিশুসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রান্নার সময় বেশি জ্বালানি ব্যবহারকে কেন্দ্র করে মাহমুদার সঙ্গে তার শাশুড়ির বাগ্?বিতন্ডা হয়। বিষয়টি নিয়ে দিনভর পারিবারিক কলহ চলে। মাহমুদার বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় তার মা আতরভান বেগম দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার দিকে ছয় মাসের শিশুটি কান্না করলে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে এসে মাহমুদাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।