গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা ভুল প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্র এবং অনিয়মিতদের নিয়মিত প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
পরীক্ষার্থী ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানা যায়, কেন্দ্রের দুটি কক্ষে এ ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে সংশয় প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানালেও তারা পরীক্ষা চালিয়ে যেতে বলেন। পরীক্ষা শেষে অন্য কক্ষের পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে মেলানোর পর অদলবদলের বিষয়টি নিশ্চিত হয়। কেন্দ্রসচিব অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম বলেন, যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়, তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। আমি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলেছি। বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের সমস্যা হবে না।