ভোলার লালমোহনে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনার পরই অভিযুক্ত মানিক রক্তমাখা ছুরিসহ লালমোহন থানায় আত্মসমর্পণ করেন। লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকায় বালুর মাঠে গতকাল এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল নয়ন (২২) লালমোহন ডা. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। তিনি পৌরসভার বর্ণালী সড়ক এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। আহতরা হলেন একই কলেজের প্রথম বর্ষের ছাত্র আরমান (২২) এবং আশরাফ। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল্লাহ আল মানিক (১৭) আবদুল ওহাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই বিদ্যালয়ের এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্ককে কেন্দ্র করে ১৫-২০ দিন আগে নয়ন, আরমান-আশরাফের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। গতকাল বালুর মাঠে উভয় পক্ষের মধ্যে আবার বাগ্বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক সঙ্গে থাকা ছুরি দিয়ে হামলা চালায়। এতে ইব্রাহিম খলিল নয়ন গুরুতর আহত হন। আরমান ও আশরাফও জখম হয়। স্থানীয়রা তিনজনকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।