ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসান আকাশ (১৫) হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপর দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার ভুগলী নয়াপাড়া গ্রামের নাজমুল হক (২৬) ও তার ভাই এনামুল হক। একই মামলায় তাদের বাবা জিয়াউল হক (৫৭) এবং চাচা জুলহাস উদ্দিন (৩৭) সাত বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়েছেন। ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় নাজমুল হক, জিয়াউল হক ও জুলহাস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত এনামুল হক পলাতক থাকায় তিনি আদালতে হাজির ছিলেন না। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ মে রাতে কৌশলে এক তরুণীর মাধ্যমে আকাশকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়। নিখোঁজের দুই দিন পর ২১ মে পুলিশ লাশ উদ্ধার করে।