ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফির সর্বনিম্ন হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ এ হার হবে সর্বনিম্ন ১ শতাংশ। গত বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার জারির সঙ্গে সঙ্গেই নতুন হার কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) লেনদেন ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারির নির্দেশনায় এনপিএসবির মাধ্যমে পরিচালিত লেনদেন এবং কার্ডভিত্তিক পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর লেনদেনের জন্য এমডিআরের সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় অন্যান্য সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআর কোডভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এমডিআরের সর্বনিম্ন হার ভ্যাটসহ ১ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস এবং পিএসপির মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে কোনো মার্চেন্ট পেমেন্ট গ্রহণ করলে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ এমডিআর আদায় করতে পারবে।