বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। গতকাল দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, গৃহকর্মী হিসেবে কুয়েতে গিয়ে কর্মস্থলে মানবিক সংকটের মুখে পড়া বাংলাদেশি নাগরিক মিঞ্জু আমেনা খাতুনকে কুয়েত পুলিশের সহায়তায় ১ জুলাই দ্রুত উদ্ধার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তিনি দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছেন। তাকে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে এখনো বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক হয়নি। সার্বিক নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা সত্যায়ন করা সম্ভব হচ্ছে না। তবে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, এক বা একাধিক অসাধু চক্র অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে অনেক নারী গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতন ও মানবিক সংকটের শিকার হচ্ছেন।