সিলেটে বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত আলম আহমদ (২৮) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) আলমের চাচাতো ভাই। স্থানীয় সূত্র জানান, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় উত্তেজিত হয়ে চিৎকার করা নিয়ে আলম ও পারভেজের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ছুরিকাঘাত করলে আলম গুরুতর আহত হন। ছুরিকাঘাতের পর পারভেজ পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলমের মৃত্যু হয়। রাতেই খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।