১. অ্যান্টিগ্রাভিটি
মহাবিশ্বের দূরত্ব বাড়ছে
তুমিও এক পারসেক দূরে সরে যাচ্ছো
প্রতি মুহূর্তে-
ডার্ক এনার্জিতে
চিরকালীন এক মোহ
যা সবকিছুকে আলাদা করে দেয়
ইউনিভার্সের বাইরে
যেভাবে জড়ো হই আমরা- খণ্ড খণ্ড হয়ে
অরগানিক মনের বহুতল ভবনে
ভালোবাসাও এক ধররের অ্যান্টিগ্রাভিটি
যা মানুষকে ভাসিয়ে রাখে
যতক্ষণ না তার ছায়া শূন্যে ওড়ে
২. দৃশ্যত চোখের বাইরে
সব সাহস চিৎকার করে না
কিছু সাহস, গোপনে গিলে ফেলে নিজের নামটাও...
আগ্নেয়গিরি যেমন লুকায়িত থাকে মাটির গভীরে
কিম্বা ভূমিকম্প হঠাৎ নড়ে চড়ে যেমন জানান দায়
ঘুমন্ত পৃথিবীকে, তেমনি- দু’একটি মুখ
পাথরের ছায়া ভেঙে অন্ধকারে জেগে ওঠে
জ্ঞানী মানুষ কেবল অনুসরণ করে না সূর্য
বরং আত্মস্থ করে অন্ধকার
অন্ধকারে যে হাঁটেনি... সে জানে না
দৃশ্যত চোখের বাইরেই মূলত পৃথিবী