দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) চেয়েছে এ বিষয়ে গঠিত বাছাই কমিটি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১৩ জুলাই বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর উদ্দেশে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪’-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এসব পদে নিয়োগ লাভে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, আগ্রহী ব্যক্তিদের দুদক আইনের ধারা ৮-এর উপধারা (১)-এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ধারা ৮(২)-এ উল্লিখিত অযোগ্যতার আওতাভুক্ত কোনো ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।