দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বরাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পেছনের ডোবা থেকে একটি পাত্রে পানি তুলতে যায় মারুফ। অসতর্কতাবশত পা পিছলে সে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, মারুফের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে।