শাবনূর তাঁর ক্যারিয়ারে সালমান শাহ ও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাফল্য পেয়েছেন। তবে তিনি ইন্ডাস্ট্রির আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধেও হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সেই তালিকায় আছেন ওমর সানী, অমিত হাসান, বাপ্পারাজ, মান্না, শাকিল খান, আমিন খান, ফেরদৌস, শাকিব খানসহ আরও অনেকে। বলা হয়ে থাকে অনেক নায়কের ক্যারিয়ার মজবুত হয়েছে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে। শাবনূরের প্রতিটি চরিত্রে গভীর মমত্ববোধ ছিল। তিনি কেবল অভিনয় করতেন না, চরিত্রের অনুভূতি ধারণ করতেন। এই নিবেদনই তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা শুটিং করতেন শাবনূর। এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় শীর্ষে ছিলেন। তবে তিনি নিজেকে সব সময় গোপন রাখতে পছন্দ করতেন।
তাঁর ব্যক্তিগত জীবন, পরিবার সম্পর্কে নানান গুঞ্জন ছড়িয়েছে। সেসব নিয়ে হ্যাঁ বা না, কোনো প্রতিক্রিয়াই দেখাতেন না তিনি। খুব যত্ন করেই যেন নিজেকে অপ্রকাশিত রাখতেন। এই যে রহস্যময়তা, এটাই যেন শাবনূরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে দর্শকের কাছে।