প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বপ্ন দেখলেও তা পূরণ করতে পারেনি আলজেরিয়া। শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।
এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে পরের ধাপে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে প্রথম নকআউট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আলজেরিয়ার।
আজ শুক্রবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণে আধিপত্য বিস্তার করে সুইজারল্যান্ড। এর ফলও আসে ১০ মিনিটে। মাঝমাঠ থেকে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে জোহান মানজাম্বির বাড়ানো পাস সহজেই জালে জড়ান ব্রিল এমবোলো।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। রিয়াদ মাহরেজ, হোসেম আওয়ার ও সতীর্থদের একাধিক আক্রমণ সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় ব্যর্থ হয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বড় ধাক্কা খায় আলজেরিয়া। খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে।
এরপর ম্যাচে ফেরার আশায় একের পর এক পরিবর্তন আনেন আলজেরিয়ার কোচ। আমিন গুইরি, জাওয়েন হাদজাম, আনিস হাজ মুসা ও হিচাম বুদাউইকে মাঠে নামানো হলেও আক্রমণে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। মাহরেজের শট রক্ষণে আটকে যায়, শেষদিকে হাজ মুসা ও বুলবিনার চেষ্টাও ব্যর্থ হয়।
অন্যদিকে সুইজারল্যান্ডও তৃতীয় গোলের সুযোগ পেয়েছিল। তবে ফাবিয়ান রিডার সহজ সুযোগ নষ্ট করায় ২-০ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ