‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বৃক্ষরোপণ ও ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেহুরভাঙ্গা এলাকার আদর্শ বালিকা বিদ্যালয় এবং ২৯ নম্বর কেহুরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বাচ্চু, কনেশ্বর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন।
অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বাচ্চু বলেন, 'শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও চারা বিতরণের এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ আমাদের জীবন ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আজকের রোপণ করা চারাই আগামী দিনের সবুজ সম্পদ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে।'
আয়োজকরা জানান, 'পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।'
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা শরিফুল আলম ইমন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, ডামুড্যা উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীয়ত উল্লাহ, ২৯ নম্বর কেহুরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এনাম, দৈনিক কালের কণ্ঠের ডামুড্যা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, শুভসংঘ ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তারেক বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/টিএ