উজানের ঢল কমে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্ন এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট থেকে পানি সরে গেছে। তারপরও কাদাময় রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। জেলা প্রশাসন ও সরকারি ভাবে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ৪৪টি গেট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরবর্তীতে পানি আবারো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
গত দুই দিনে পানি বেড়ে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশকিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি রাস্তাঘাট। এসব এলাকা থেকে পানি ধীরে ধীরে নামছে ফলে ভোগান্তি এখন চরমে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সুনীল রায় জানান, পানি কমে গেলেও আতঙ্ক রয়েছে, চলতি সপ্তাহে আবারও বিপৎসীমার অতিক্রম করতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন