জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘ভানাইকুশলিয়া পাকা রাস্তা হতে ঘোনাপাড়া রাস্তা’ পর্যন্ত ব্রিক সলিং নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দে গৃহীত এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা নিজ হাতে ইট বিছিয়ে নির্মাণকাজের সূচনা করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় স্থানীয়দের যাতায়াতে যে চরম দুর্ভোগ পোহাতে হতো, এই ব্রিক সলিংয়ের ফলে তা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
বিডিপ্রতিদিন/কেকে