বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং সুজান খানের বিচ্ছেদের এক যুগ পেরিয়ে গেলেও অনলাইন দুনিয়ায় তাদের খোরপোশ নিয়ে নানা গুঞ্জন এখনো ডালপালা মেলে রয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে চলে আসা এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন সুজানের বোন ফারাহ খান আলী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, বিচ্ছেদের পর হৃতিকের কাছ থেকে সুজান কখনোই ৪০০ কোটি রুপি নেননি এবং তার বোন কোনো অর্থলোভী মানুষ নন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া সমস্ত দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ফারাহ বলেন, আমি রেকর্ডভাঙা কণ্ঠে একটি কথাই বলতে চাই, ৪০০ কোটি রুপির খোরপোশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যখনই অনলাইনে দেখি মানুষ দাবি করছে সুজান ৪০০ কোটি রুপি পেয়ে আরও ধনী হয়েছেন, তখন আমার খুব খারাপ লাগে। আমার আদরের বোন হৃতিকের কাছ থেকে কিছুই নেয়নি। আমরা এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে আমাদের মা শিখিয়েছেন যে, বস্তুগত জিনিস কখনো সম্পর্কের চেয়ে বড় হতে পারে না। সুজান হৃতিকের থেকে কোনো অর্থ নেয়নি বলেই আজ তার সাবেক স্বামী এবং শ্বশুর রাকেশ ও শাশুড়ি পিঙ্কি রোশনের সঙ্গে তার সম্পর্ক এত চমৎকার। তারা সবাই সুজানকে এখনো আগের মতোই ভালোবাসেন।
সাক্ষাৎকারে ফারাহ আরও জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবেই পরিবারে একটা বড় ধাক্কা এসেছিল এবং বাইরেও নানা গুঞ্জন তৈরি হয়েছিল। তবে হৃতিক ও সুজান অত্যন্ত পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন। তারা কখনোই সংবাদমাধ্যমের খোরাক হওয়ার জন্য নিজেদের সম্পর্ককে ছোট করেননি। হৃতিক যেমন একজন চমৎকার মানুষ, সুজানও তেমনি এক সম্ভ্রান্ত পরিবারের মার্জিত নারী।
শুরুর দিকে এসব মিথ্যা খবরের প্রতিবাদ না করার কারণ হিসেবে ফারাহ বলেন, আমি সুজানকে জিজ্ঞেস করেছিলাম কেন সে এই মিথ্যা প্রচারণার প্রতিবাদ করছে না। জবাবে সুজান বলেছিল, মানুষ তাকে নিয়ে কী ভাবল তাতে তার কিছু যায় আসে না।
২০০০ সালে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সুজানকে বিয়ে করেছিলেন হৃতিক। তাদের ঘরে হৃহান ও হৃদহান নামের দুই পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছরের সংসারজীবন শেষে ২০১৪ সালে অফিশিয়ালি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে সুজান অভিনেতা আরসলান গোনির সঙ্গে এবং হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে অতীতের তিক্ততা ভুলে দুই পরিবারই প্রায়ই বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে অংশ নেয়, যা বলিউডে এক অনন্য সৌহার্দ্যের উদাহরণ তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কেএইচটি