বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ বেশ পুরোনো হলেও এবার বিষয়টি সরাসরি উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এসে এমন অভিযোগের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। টুর্নামেন্টে আলবিসেলেস্তেরা কোনো অনৈতিক সুবিধা পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বেশ সোজাসাপ্টা ও কড়া ভাষায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
সমালোচকদের তোপ দেগে স্কালোনি বলেন, এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিলে এসব ভিত্তিহীন কথা আর জানতেও হবে না। লাইক, কমেন্ট আর রিটুইটের এই যুগে মাঠের সাফল্যকে আড়াল করতে অনেকে এমন ‘সস্তা’ অপপ্রচার চালান বলে মনে করেন তিনি। স্কালোনি আরও যোগ করেন যে, আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। তাই এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয় বলেই মনে করেন আর্জেন্টিনা বস।
দলের সাফল্য যে কারও দয়া বা বিশেষ সুবিধার ফল নয় বরং পুরো স্কোয়াডের কঠোর পরিশ্রমের ফসল, তা স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছেন স্কালোনি। তিনি জানান, লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবার সমান অবদান রয়েছে এই অর্জনে। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ইন্টারনেট প্রযুক্তির ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এসব সস্তা অপপ্রচারে তারা মোটেও কান দিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনএইচ